আগামীকাল হচ্ছে না যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারক রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হচ্ছে না।
তবে আগামী দিনগুলোতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা তিনি একেবারে নাকচ করে দেননি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ইসমাইল বাগাই বলেন, 'যে সমঝোতা স্মারকটি নিয়ে কাজ চলছে, সেটির মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
তিনি পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে প্রস্তুত করা নথির কথা উল্লেখ করে এ কথা বলেন।
বাগাই আরও বলেন, 'সমঝোতা স্মারকটি ঠিক কখন স্বাক্ষরিত হবে, সে বিষয়ে আমাদের অপেক্ষা করতে হবে। যদিও এটি আগামীকাল হবে না, তবে আগামী কয়েক দিনের মধ্যে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অপর পক্ষের অস্থিতিশীল অবস্থানের কারণে এ প্রক্রিয়া নিয়ে যেকোনো ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে।'
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইতোমধ্যেই এই চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানিয়েছিলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকে ইলেকট্রনিক স্বাক্ষর (ই-সাইনিং) অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এর পর আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
