নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এক সময় ঋণ খেলাপি ছিলেন—এমন একটি পুরোনো অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। ব্যাংক খাতের বর্তমান তারল্য সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের এই প্রসঙ্গটি নিয়ে কথা বলেন গভর্নর।
শুক্রবার (১২ জুন) নিজের পূর্বের অবস্থান পরিষ্কার করে মোস্তাকুর রহমান বলেন, 'এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা হয়েছে। কিন্তু আমি এ নিয়ে কোনো মন্তব্য করিনি। আমি মনে করি, রেগুলেটরের (নিয়ন্ত্রক সংস্থা) কথা কম বলাই ভালো।'
বিস্তারিত ব্যাখ্যা দিয়ে গভর্নর বলেন, 'একটি গ্রিন ফ্যাক্টরি ছিল, যার সঙ্গে আমি যুক্ত ছিলাম। ওই ফ্যাক্টরি এক দিনের জন্যও বন্ধ হয়নি, এক দিনের জন্যও রপ্তানি বন্ধ হয়নি এবং এক মাসের জন্যও শ্রমিকের বেতন বকেয়া পড়েনি।'
তিনি আরও জোর দিয়ে বলেন, 'ব্যবসায়িক কার্যক্রম চলাকালীন ঐ ফ্যাক্টরি কখনো এক টাকাও ঋণ মওকুফ চায়নি।'
ঋণ পরিশোধে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করে গভর্নর জানান, প্রথমে ব্যাংক থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিয়ে কারখানাটি স্থাপন করা হচ্ছিল। তবে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করার পর সংশ্লিষ্ট ব্যাংকটি জানায় যে, তাদের নির্ধারিত তহবিল শেষ হয়ে গেছে। ফলে ঋণের সুদের হার বাড়িয়ে ১১-১২ শতাংশ করার শর্ত দেওয়া হয়। তাই ঋণ পরিশোধে বিলম্ব হয়।
গভর্নর বলেন, 'তবে ইতোমধ্যে কোম্পানিটি ঋণের ১০০ কোটি টাকা পরিশোধ করে দিয়েছে।'
