ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম এখন থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সকল প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রতিবেদন প্রদান করবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে জনমনে আস্থা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
