ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান
ইরানের বিশ্বকাপ ফুটবল দলকে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রে যেদিন তাদের ম্যাচ থাকবে, ঠিক সেদিনই তাদের সে দেশে ঢুকতে হবে এবং ম্যাচ শেষ হওয়ার পর ওই দিনই তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।
রোববার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ দল বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছে। এর আগে মার্কিন অঙ্গরাজ্য অ্যারিজোনার টুসনে তাদের অনুশীলন করার পরিকল্পনা থাকলেও বাধ্য হয়ে তা বাতিল করতে হয়েছে।
ভিসা কড়াকড়ির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত পাসানদিদেহ সাংবাদিকদের বলেন, 'আমরা সকালে সেখানে ঢুকতে পারব, কিন্তু ওই দিনই আমাদের ফিরে আসতে হবে।'
বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে খেলার কথা রয়েছে ইরানের। এর মধ্যে দুটি ম্যাচ হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ হবে ওয়াশিংটনের সিয়াটলে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করে। পালটা হামলায় ইরান ইসরায়েল আক্রমণ করে এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাদেরও লক্ষ্যবস্তু করে। এ ছাড়া বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিও কার্যত বন্ধ করে রেখেছে তারা।
পরে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, একটি বিস্তৃত ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য এখনো কূটনৈতিক তৎপরতা চলছে।
