শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
নব্বইয়ের দশকে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে একটি চলচ্চিত্রের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নেন চিরঞ্জীবী। এরপর থেকেই ভারতীয় সুপারস্টারদের পারিশ্রমিক সিনেমাপ্রেমী ও বাণিজ্য বিশ্লেষকদের আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
এরপর তিন দশক ধরে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেতাদের তালিকায় আধিপত্য ছিল বলিউড সুপারস্টারদের। তবে গত কয়েক বছরে দক্ষিণ ভারতের প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রের প্রসারের ফলে তেলেগু ও তামিল তারকারাও এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছেন। বর্তমানে তাদের একজনই বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেতা।
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা
২০২৪ সালে ব্লকবাস্টার চলচ্চিত্র 'পুষ্পা টু: দ্য রুল'-এর মাধ্যমে একটি চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার রেকর্ড গড়েন তেলেগু তারকা আল্লু অর্জুন।
এই সিক্যুয়েলের জন্য তিনি অগ্রিম পারিশ্রমিকের পাশাপাশি মুনাফার একটি অংশও নিয়েছিলেন। পারিশ্রমিকের এই দ্বিতীয় অংশটিই তাকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেতাদের তালিকায় সিনিয়র সুপারস্টারদের ছাড়িয়ে যেতে সাহায্য করে।
'পুষ্পা টু' বিশ্বব্যাপী ১ হাজার ৭০০ কোটির বেশি রুপি আয় করে এবং এর মুনাফা ছিল ৬০০ কোটিরও বেশি। সেই মুনাফার বড় একটি অংশ পেয়েছেন আল্লু অর্জুন।
বাণিজ্যিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, অগ্রিম পারিশ্রমিকের বাইরে চলচ্চিত্রটি থেকে তার মোট আয় ৩০০ কোটি রুপি বা তারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
এই অঙ্কটি ভারতের বেশিরভাগ চলচ্চিত্রের বাজেটের চেয়েও বেশি। উদাহরণ হিসেবে বলা যায়- একসময় ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল 'বাহুবলী ২', যার নির্মাণ ব্যয় ছিল ২৫০ কোটিরও কম।
যেভাবে খানদের ও রজনীকান্তকে ছাড়িয়ে গেলেন আল্লু অর্জুন
বহু বছর ধরে ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলেন বলিউডের তিন খানের একজন। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে অমিতাভ বচ্চন ও সঞ্জয় দত্তের জায়গায় শাহরুখ খান, আমির খান ও সালমান খান শীর্ষ অবস্থান দখল করার পর ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নিজেদের পারিশ্রমিক বাড়িয়েছেন।
শাহরুখ খান প্রথম অভিনেতা হিসেবে মুনাফার অংশ নেওয়ার ব্যবস্থা চালু করেন এবং আমির খান ১০০ কোটির পারিশ্রমিকের সীমা অতিক্রম করেন। ২০১০-এর দশকের শেষ দিকে তিন খানই প্রতি চলচ্চিত্রে ১০০ কোটির বেশি আয় করেন।
২০২৩ সালে 'পাঠান' ও 'জওয়ান' চলচ্চিত্রের মাধ্যমে শাহরুখ ২০০ কোটিরও বেশি পারিশ্রমিক নেওয়া শুরু করেন।
তবে ২০২৪ সালে এই তারকাদের ছাড়িয়ে যান তামিল সুপারস্টার রজনীকান্ত। সত্তরের কোঠায় থাকা রজনীকান্ত সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র 'জেলার'-এর জন্য ২৫০ কোটির বেশি আয় করেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি সেই শীর্ষস্থান হারান আল্লু অর্জুনের কাছে।
আল্লু অর্জুনের আগামী চলচ্চিত্র
গত পাঁচ বছরে আল্লু অর্জুন কেবল 'পুষ্পা' চলচ্চিত্রের দুটি পার্টে অভিনয় করেছেন। এই ব্লকবাস্টার চলচ্চিত্র দুটির পর তার প্রথম ছবি হবে অ্যাটলির 'রাকা'। অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবিটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।
