খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা সাক্ষ্য’ দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছিলেন।
ডিবি প্রধান জানান, জগলুল পাশার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগও রয়েছে।
এ ছাড়া, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন 'ঈগল হান্ট'–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানান শফিকুল ইসলাম।
ডিবির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে রাজধানীর বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলার সঙ্গেও জগলুল পাশার সংশ্লিষ্টতা রয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
