হরমুজ প্রণালি: তেলের মজুত ফুরিয়ে আসার শঙ্কায় ইরানের 'দ্বারস্থ' হচ্ছে বিভিন্ন দেশ
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য অনেক দেশ ইরানের সাথে আলোচনার চেষ্টা করছে বলে দাবি করেছেন তেহরানের 'ডিপ্লো হাউস থিংকট্যাঙ্ক'-এর পরিচালক হামিদরেজা গোলামজাদেহ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'প্রকাশ্যে যে দেশের নেতারাই যে হুংকার বা বড় বড় কথা বলুক না কেন, শেষমেশ প্রতিটি দেশই ইরানের কাছে আসছে। তারা জানতে চাইছে, হরমুজ দিয়ে তাদের জাহাজ পার করার জন্য কী কী শর্ত মানতে হবে।'
গোলামজাদেহ আরও বলেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে কথা বলেছেন। মাক্রোঁ জানিয়েছেন, এই পথ ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য ফ্রান্স ইরানের নতুন শর্তাবলি ও নিয়মকানুন মেনে নিয়ে কাজ করতে রাজি।
তিনি উল্লেখ করেন যে, এই সব দেশের কাছে জমানো 'কৌশলগত তেলের মজুত' দ্রুত ফুরিয়ে আসছে, আর তাই এ পরিস্থিতিতে তাদের সামনে যেকোনো একটি সমাধানে আসা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।
প্রণালি নিয়ন্ত্রণের প্রশ্নে ইরানের পরিষ্কার অবস্থান তুলে ধরে তিনি বলেন, 'হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকানদের কোনো অনুমতির ধার ধারে না ইরান। নিজেদের জলসীমা ইরানকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং সেজন্য তারা ইতিমধ্যে নতুন একটি কাঠামোগত নিয়ম বা রূপরেখাও তৈরি করেছে।'
