আমেরিকার প্রস্তাব ‘আত্মসমর্পণের’ শামিল বলে প্রত্যাখ্যান করল ইরান; চাইল ক্ষতিপূরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবকে 'আত্মসমর্পণের' শামিল বলে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। এর বদলে 'যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়ার' দাবিতে অনড় রয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের এই পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে তাদের নৌ-অবরোধ তুলে নেওয়া, পুনরায় কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়া এবং ইরানের তেল বিক্রির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইরানের জবাবকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তেহরান জানিয়েছে, তারা আসলে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
