পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে।
পশ্চিমবঙ্গে লড়াই মূলত রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিজেপির মধ্যে। সর্বশেষ খবর অনুযায়ী, এ রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ইতোমধ্যেই অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এ রাজ্যে টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টির বেশি আসনে এগিয়ে আছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্যমতে, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৮২টি আসনে।
প্রধানমন্ত্রী মোদি এক্সে লিখেছেন, '২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরদিন মনে রাখা হবে। মানুষের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জিতেছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে প্রণাম জানাই।"
তিনি বলেন, "জনগণ বিজেপিকে অসাধারণ ম্যান্ডেট দিয়েছে এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করতে সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।"
