ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প
ইরানের পক্ষে তুরস্ক যেকোনো মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার অন্যতম সম্ভাব্য ব্যক্তি ছিলেন। সম্ভবত তিনি ইরানের পক্ষই নিতেন, কারণ তিনি ইসরায়েলকে মোটেও পছন্দ করেন না।'
ট্রাম্পের দাবি, তিনি নিজে এই বিষয়ে মধ্যস্থতা করেন এবং এরদোয়ানকে এই সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানান। মার্কিন প্রেসিডেন্টের সেই অনুরোধ তুর্কি প্রেসিডেন্ট রেখেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের জন্য আমেরিকার তৈরি এফ-৩৫ ফাইটার জেট এবং জেট ইঞ্জিন ক্রয়ের ব্যাপারে আঙ্কারার অনুরোধের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি জানান, তুরস্ক যাতে সন্তুষ্ট হয়, তিনি সম্ভবত তেমন কিছুই করবেন।
এ ছাড়া এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় অনুষ্ঠিতব্য আগামী ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।
