তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বেইজিংয়ের ঐতিহ্যবাহী 'গ্রেট হল অব দ্য পিপল'-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বিকেল পৌনে ৬টায়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।
দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এর আগে জানিয়েছিলেন, দুই নেতার আলোচনায় বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে উষ্ণ লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তিয়েনআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপল এবং এর আশপাশের এলাকা দুই দেশের জাতীয় পতাকায় সুসজ্জিত করা হয়।
দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
