প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েও গোপন রেখেছিলেন নেতানিয়াহু, চিকিৎসায় ‘সুস্থ’ আছেন এখন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি বর্তমানে 'চমৎকার শারীরিক অবস্থায়' রয়েছেন।
তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জানা গেছে যে, সম্প্রতি তার শরীর থেকে একটি ম্যালিগন্যান্ট (ক্যানসার সৃষ্টিকারী) টিউমার অপসারণ করা হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে নেতানিয়াহু বলেন, ২০২৪ সালে প্রোস্টেট বৃদ্ধির কারণে তার একটি সফল অস্ত্রোপচার হয়েছিল। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসকরা তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পান।
৭৬ বছর বয়সী এই নেতা বলেন, সর্বশেষ পরীক্ষার সময় এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ছোট স্পট বা দাগ ধরা পড়েছিল।
তিনি জানান, চিকিৎসার মাধ্যমে 'সমস্যাটি নির্মূল করা হয়েছে এবং এর কোনো চিহ্ন অবশিষ্ট নেই'।
নেতানিয়াহু উল্লেখ করেন, তিনি ইচ্ছে করেই এই স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্ব করার অনুরোধ জানিয়েছিলেন যাতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের চূড়ান্ত উত্তেজনার সময় এটি সামনে না আসে। তার মতে, এটি আগে প্রকাশিত হলে তেহরান হয়তো একে 'ইসরায়েলের বিরুদ্ধে আরও বেশি মিথ্যা প্রোপাগান্ডা' হিসেবে ব্যবহার করার সুযোগ পেত।
তিনি বলেন, 'আমার প্রোস্টেটে সামান্য একটি সমস্যা ছিল যার পুরোপুরি চিকিৎসা করা হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, এটি এখন অতীত।'
পোস্টে নেতানিয়াহু আরও বলেন যে তিনি দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ, 'যখনই আমি কোনো সম্ভাব্য বিপদ সম্পর্কে সময়মতো তথ্য পাই, আমি তাৎক্ষণিকভাবে তা সমাধান করতে চাই। এটি জাতীয় পর্যায়ে যেমন সত্য, ব্যক্তিগত পর্যায়েও তেমনই।'
এই তথ্য এমন এক সময়ে প্রকাশ্যে এল যখন আগামী কয়েক সপ্তাহের মধ্যে নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সাথে একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির চেষ্টা করছে। এদিকে, ইরান-সমর্থিত হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।
