সিরিয়ায় ‘বিপজ্জনক তৎপরতা’ নিয়ে তুরস্ককে সতর্ক করলো ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বৃহস্পতিবার বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 'সিরিয়ায় তুরস্ককে বিপজ্জনক কর্মকাণ্ডের দিকে ঠেলে দিচ্ছেন।
এর আগে, তুরস্ক ও সিরিয়াকে সতর্ক করতে গত মঙ্গলবার সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল।
এই দুই দেশকে সতর্ক করে ইসরায়েল জানায়, 'ইসরায়েল ও সিরিয়া নিরাপত্তা বজায় রাখার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছিল। তবে আলেপ্পোর নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দিয়ে সিরিয়া প্রায় সেই সমঝোতা লঙ্ঘনের উপক্রম করেছিল। তাদের সতর্ক করতে এ হামলা চালানো হয়েছে।'
এক্স-এ দেওয়া এক পোস্টে কাটজ বলেন, 'কোনো পক্ষকেই ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে দেওয়া হবে না।'
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেন, তিনি ইসরায়েলকে স্পষ্ট করে জানিয়েছেন যে সেখানে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা নেই। বরং সিরিয়ার বিমানবাহিনী ব্যবহারের জন্য ওই স্থাপনাটি সংস্কার করা হচ্ছে।
বুধবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শাইবানি বলেন, 'সেখানে তুরস্কের ঘাঁটি স্থাপনের কোনো ইচ্ছা ছিল না। সেখানে তুরস্কের স্থায়ী সামরিক উপস্থিতি রাখা বা তুর্কি সেনা মোতায়েনেরও কোনো পরিকল্পনা ছিল না।'
মঙ্গলবারের হামলার পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে নিরাপত্তা উত্তেজনা আরও বেড়েছে। সিরিয়া নিয়ে দুই দেশের মধ্যে বক্তব্যের লড়াইও ক্রমেই তীব্র হচ্ছে। দেশ দুটির সামরিক বাহিনীই সিরিয়ায় সক্রিয়।
বুধবার তুরস্ক ইসরায়েলের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। সিরিয়ায় তুরস্কের সামরিক অবস্থান নিয়ে ইসরায়েলের অভিযোগকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করে দেশটি।
ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ক। দেশটি এখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অন্যতম প্রধান মিত্রে পরিণত হয়েছে।
তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়াকে অস্থিতিশীল করার এবং সিরিয়ার নতুন প্রশাসনকে দুর্বল করার চেষ্টা করার অভিযোগ করেছে।
এছাড়া, বারবার সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ও ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়ে আসছে তুরস্ক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বিমানঘাঁটিতে হামলার আগে ইসরায়েল সিরিয়াকে সতর্ক করেছিল, যাতে সেখানে তুরস্কের উপস্থিতির অনুমতি না দেওয়া হয়।
বুধবার নেতানিয়াহু বলেন, 'আমাদের বার্তা খুবই স্পষ্ট ছিল। তবে আমার ধারণা, তারা আমাদের বার্তা পুরোপুরি বুঝতে পারেনি।'
সিরিয়ার আল-শাইবানি বলেন, বিমানঘাঁটিতে ইসরায়েলের বোমা হামলার কোনো বৈধ কারণ ছিল না।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ ও বৃহত্তর সামরিক সহযোগিতার অংশ হিসেবে তুরস্কের সামরিক কর্মকর্তারা ওই বিমানঘাঁটি পরিদর্শন করেছিলেন। তবে তুরস্কের কোনো সামরিক শক্তি বৃদ্ধি বা সেনা মোতায়েনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
তিনি বলেন, স্থাপনাটি পুরোপুরি ফাঁকা ও পরিত্যক্ত।
গত বছর গাজা যুদ্ধ নিয়েও তীব্র মতবিরোধে থাকা তুরস্ক ও ইসরায়েল সিরিয়ায় কোনো ধরনের সংঘাত এড়াতে একটি যোগাযোগব্যবস্থা চালু করেছিল।
মঙ্গলবারের হামলার পর সিরিয়া ও ইরাকবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রেসিডেন্ট দূত টম বারাক রয়টার্সকে বলেন, ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার মধ্যে সংঘাত এড়াতে একটি ব্যবস্থা গড়ে তুলতে ওয়াশিংটন কাজ করছে।
আল-শাইবানি বলেন, উত্তেজনা কমাতে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সিরিয়া এখনও প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক বছর ধরে চলা আলোচনায় দুই পক্ষ নিরাপত্তা চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল।
তবে পরে ইসরায়েল তার প্রতিশ্রুতি থেকে সরে আসে এবং চুক্তিটি বাস্তবায়িত হয়নি বলে তিনি জানান।
আল-শাইবানি বলেন, ভবিষ্যতের যেকোনো চুক্তিতে উভয় পক্ষের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিতে হবে এবং সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়বে।
