তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থগিত সংলাপ পুনরায় শুরু করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আসিম মুনির এমন সময় তেহরানে গেলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা আলোচনার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেছেন, তিনি মনে করছেন, এই যুদ্ধ "শেষের পথে।" খুব শিগগিরই পাকিস্তানে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন।
এদিকে ইরানের সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখে, তাহলে তারা লোহিত সাগরসহ উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেবে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের অবরোধ দ্বিতীয় দিনে গড়ানোর প্রেক্ষাপটে তারা "সমুদ্রপথে ইরানের বন্দরে প্রবেশ ও বের হওয়া সব জাহাজের মাধ্যমে বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে।"
