ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
সাম্প্রতিক ইরানি হামলায় পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম প্রাথমিকভাবে যতটা বলা হয়েছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র।
কর্মকর্তারা এনবিসি নিউজকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বড় যে তা এখন পর্যন্ত প্রকাশ্যে যা জানানো হয়েছে তার তুলনায় অনেক বেশি, এবং এসব ক্ষতি মেরামতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
ফেব্রুয়ারি ২৮ তারিখ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান অঞ্চলটির একাধিক দেশে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত সাতটি দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে সরঞ্জাম সংরক্ষণের গুদাম, অপারেশন পরিচালনার কমান্ড সেন্টার, বিমান রাখার হ্যাঙ্গার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এছাড়া রানওয়ে, রাডার ব্যবস্থা এবং এমনকি কিছু বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সামরিক চলাচল ও নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ক্ষেত্রে দেখা গেছে, ইরানের একটি পুরোনো এফ-৫ যুদ্ধবিমান শক্তিশালী মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হামলা চালাতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত এই হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করেনি। এমনকি ওই অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ডও ক্ষতির মাত্রা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
স্বচ্ছতার অভাবে কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ ও হতাশ। এক সহকারী জানান, তারা কয়েক সপ্তাহ ধরে তথ্য চেয়ে আসছেন, কিন্তু এখনও পূর্ণ চিত্র জানতে পারেননি—বিশেষ করে এমন সময়ে যখন পেন্টাগন রেকর্ড পরিমাণ বাজেট চাইছে।
তিনি বলেন, 'কেউ কিছু জানে না। আর এটা প্রশ্ন না করার কারণে নয়। আমরা কয়েক সপ্তাহ ধরে জানতে চাইছি, কিন্তু নির্দিষ্ট তথ্য পাচ্ছি না—এমন সময়ে যখন পেন্টাগন রেকর্ড পরিমাণ বাজেট চাইছে।'
প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধ পরিচালনার জন্য পেন্টাগন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ২০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ চেয়েছে। সংঘাতের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র সামরিক কার্যক্রমে ১১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে।
যুদ্ধ শুরুর আগে ডোনাল্ড ট্রাম্প ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছিলেন, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি। এরই মধ্যে ২০২৬ সালের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ৮৩৮.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে।
