যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
ফের যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবকে 'অবাস্তব' ও 'অযৌক্তিক' হিসেবে বর্ণনা করেছে ইরান, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
সোমবার (৩০ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে 'অতিরিক্ত, অবাস্তব ও অযৌক্তিক' দাবি রয়েছে। এতে ট্রাম্পের আগের সেই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে, যেখানে তিনি দাবি করেছিলেন যে তালিকার 'অধিকাংশ' দাবিতেই ইরান সম্মত হয়েছে।
বাঘাই আরও জানান, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সরাসরি আলোচনা চলছে না। ওয়াশিংটনের বার্তাগুলো কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৌঁছানো হয়েছে।
তিনি বলেন, 'এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সরাসরি আলোচনা হয়নি।'
এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তিনি এসব কথা জানান।
মুখপাত্র আরও বলেন, পাকিস্তানের উদ্যোগে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে হওয়া সাম্প্রতিক কোনো বৈঠকে ইরান অংশ নেয়নি।
এর আগে পাকিস্তান জানায়, সম্প্রতি ইসলামাবাদে আঞ্চলিক চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর 'আগামী কয়েক দিনের মধ্যে' যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজন ও সহায়তা করতে তারা প্রস্তুত রয়েছে।
