মুখে আলোচনার কথা বলে ‘গোপনে স্থল হামলার ছক’ কষছে আমেরিকা: ইরানের স্পিকার
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, মার্কিন সেনাদের মোকাবিলা করতে তার দেশের বাহিনী পুরোপুরি প্রস্তুত।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, গালিবফ অভিযোগ করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে গোপনে স্থল হামলার ছক কষছেন।
তিনি বলেন, 'শত্রু পক্ষ প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে এবং গোপনে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। ইরানি মাটিতে পা রাখামাত্রই তাদের পুড়িয়ে মারা হবে।'
আজ সকালেই মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে খবর প্রকাশিত হয়েছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ৩,৫০০ সেনার আগমনের ঘোষণা দিয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান নেবেন, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।
সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার 'দায়িত্বের এলাকায়' পৌঁছেছে। যদিও জাহাজটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
