শুধু পৃথিবী নয়, চাঁদের আশপাশেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন সেনাদের: ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সেনাদের শুধু পৃথিবীর কক্ষপথে নয়, চাঁদের আশপাশেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা।
জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বুধবার ওয়াশিংটনের কাছে এক সম্মেলনে বলেন, সমুদ্রের তলদেশ থেকে চাঁদের কক্ষপথের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত যেকোনো জায়গায় যুদ্ধ করার, টিকে থাকার এবং জয়ের জন্য মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুত হতে হবে।
উল্লেখ্য, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী অঞ্চলকে 'সিসলুনার স্পেস' বলা হয়।
২০১৯ সালে ট্রাম্পের উদ্যোগে গঠিত যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীও চাঁদের আশপাশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে বাহিনীর 'কমব্যাট ফোর্সেস' কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গ্রেগরি গ্যাগনন বলেন, 'মানবজাতি মহাকাশে আরও গভীরে এগিয়ে যাচ্ছে এবং মার্কিন স্বার্থ রক্ষায় প্রস্তুত থাকা মহাকাশ বাহিনীর দায়িত্ব।'
কয়েক দিন আগে একই সম্মেলনে মার্কিন বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক প্রথমবারের মতো জানান, যুক্তরাষ্ট্র কক্ষপথে 'মহাকাশ নিয়ন্ত্রণের অস্ত্র' মোতায়েন করেছে।
মহাকাশকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের দীর্ঘদিনের আন্তর্জাতিক নীতি ও সমঝোতার মধ্যে মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্য নতুন প্রশ্ন তুলেছে। গ্যাগনন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিপক্ষরা যুদ্ধকে মহাকাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি চীনকে এ ধরনের তৎপরতার অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করেন। ২০২৪ সালে চীন মহাকাশসংক্রান্ত সামরিক সক্ষমতা বাড়াতে নিজস্ব সামরিক মহাকাশ ইউনিট গঠন করে।
মার্কিন অস্ত্র মোতায়েনের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, চীন সবসময় মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার ও নিরাপত্তা সমর্থন করে এবং মহাকাশে অস্ত্রায়ন, সামরিকীকরণ ও অস্ত্র প্রতিযোগিতার বিরোধিতা করে। তিনি যুক্তরাষ্ট্রকে মহাকাশে সামরিক প্রস্তুতি বাড়ানো বন্ধ করার আহ্বান জানান।
তবে মহাকাশে অস্ত্র মোতায়েন বা চাঁদের আশপাশে তা ব্যবহারের পরিকল্পনা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করবে কি না, তা স্পষ্ট নয়। ১৯৬৭ সালের 'আউটার স্পেস ট্রিটি' অনুযায়ী, চাঁদের মতো মহাজাগতিক বস্তু শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহারের কথা বলা হয়েছে। মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনও নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে গ্যাগনন জানিয়েছেন, আগামী পাঁচ বছরে মহাকাশ বাহিনীর সদস্যসংখ্যা প্রায় দ্বিগুণ করে ২৫ হাজারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই বৃদ্ধির প্রায় দুই-তৃতীয়াংশ কমব্যাট ফোর্সেস কমান্ডে যুক্ত করা হবে।
