বাব আল-মান্দেব পরিদর্শন করলেন ইরানের বিশেষজ্ঞরা, সুড়ঙ্গ তৈরি ও রাডার স্থাপনে সহায়তা করছেন হুথিদের
বাব আল-মান্দেব প্রণালি অঞ্চলে গোপন সফর করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিশেষজ্ঞরা। ওই এলাকায় রাডার স্থাপন এবং সমুদ্রের দিকে মুখ করে থাকা পাহাড়ি অঞ্চলে সুড়ঙ্গ খোঁড়ার কাজে তদারকি করেন তারা।
শনিবার বার্তা হুথিদের দুটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
সূত্র দুটি জানায়, হুথিদের সঙ্গে মিলে কাজ করা এই ইরানি বিশেষজ্ঞরা বাব আল-মান্দেবের পাশাপাশি ইয়েমেনের মোখা বন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বে অবস্থিত জাবাল আল-নার সামরিক ঘাঁটিও পরিদর্শন করেছেন।
মোখা ও বাব আল-মান্দেবের ওপর যেসব পাহাড়ি এলাকা থেকে নজরদারি করা হয়, ওইসব এলাকায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ তদারকি করেছেন বিশেষজ্ঞরা।
এছাড়া তারা মোখার কাছাকাছি এবং দক্ষিণ লোহিত সাগরের যাকার দ্বীপে রাডার স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলেও জানায় সূত্র।
হুথিদের ঘাঁটি হুদাইদা থেকে আসা এই বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ও শুক্রবার—এই দুই দিনে আলাদাভাবে সফরগুলো সম্পন্ন করেন।
এদিকে ইয়েমেনি সূত্রের বরাতে স্কাই নিউজ অ্যারাবিয়া-র প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইরানি সরঞ্জাম এসে পৌঁছেছে।
সূত্রগুলো জানায়, দক্ষিণের লোহিত সাগরেমুখী পাহাড়ে রাডার স্থাপনের কাজ শুরু করেছে হুথিরা। সেইসঙ্গে ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইরানি সরঞ্জাম এসে পৌঁছেছে। সোমালিয়া উপকূল থেকে আসার গোপনে খালাস করা হয়েছে এই চালান। তবে প্রতিবেদনে নির্দিষ্ট করে বলা হয়নি ঠিক কী ধরনের সরঞ্জাম আনা হয়েছে।
এদিকে শনিবার ইয়েমেন সরকারের কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাব আল-মান্দেব অঞ্চলের কাছাকাছি কাহবউব পাহাড়ি এলাকায় ইরান-সমর্থিত হুথি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই ছড়িয়ে পড়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে জুলাই থেকেই ইয়েমেনের সংঘাতে বিপজ্জনক ও আকস্মিক উত্তেজনা দেখা যাচ্ছে।
