ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি
ইসরায়েল যদি পরাজয়ের ঝুঁকিতে পড়ে, তবে উগান্ডা সরাসরি যুদ্ধে যোগ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় উগান্ডার সেনাপ্রধান বলেন, 'আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই যুদ্ধে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব—এবং তা হবে ইসরায়েলের পক্ষে।'
কাইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি'র ছেলে এবং দেশটির পরবর্তী সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত।
উল্লেখ্য, গত মাসেই কাইনেরুগাবা ঘোষণা করেছিলেন যে, উগান্ডায় বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনি নেতানিয়াহুর একটি মূর্তি স্থাপন করা হবে।
১৯৭৬ সালে উগান্ডার এনতেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধারে ইসরায়েলি কমান্ডো অভিযানের নেতৃত্ব দেওয়ার সময় ইয়োনি নিহত হয়েছিলেন।
