শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি 'খুব শিগগিরই খুলে দেয়া হবে।' একই সাথে এও বলেছেন, তিনি এবং ইরানের আয়াতুল্লাহ 'যৌথভাবে' হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবেন।
সোমবার (২৩ মার্চ) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সিএনএনের কেইটলান কলিন্স যখন তাকে প্রশ্ন করেন যে প্রণালিটি কবে নাগাদ পুনরায় চালু হবে, তখন ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা যদি এই গতিতে এগোতে থাকে, তবে 'এটি খুব শিগগিরই খুলে যাবে।'
তিনি আরও যোগ করেন, 'এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ, তিনি যে-ই হোন না কেন, বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন না কেন।'
ট্রাম্প উল্লেখ করেন যে, সংঘাতের শুরুর দিকের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশই নিহত হয়েছে, যার ফলে দেশটিতে 'অত্যন্ত জোরালোভাবে শাসনব্যবস্থায় পরিবর্তন' আসবে।
তিনি বলেন, 'সেখানে স্বয়ংক্রিয়ভাবেই একটি শাসনব্যবস্থায় পরিবর্তন ঘটছে।' এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, সপ্তাহান্তে হওয়া আলোচনাগুলো সংঘাত কমানোর ক্ষেত্রে আশাব্যঞ্জক ছিল।
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, 'আমরা এমন কিছু মানুষের সঙ্গে আলোচনা করছি যাদের আমার কাছে অত্যন্ত যুক্তিবাদী এবং শক্ত মনের মনে হয়েছে। ভেতরের মানুষজন জানেন তারা কারা, তারা বেশ সম্মানিত এবং হতে পারে তাদের মধ্যেই কেউ একজন আছেন, যাকে আমরা খুঁজছি।'
