ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ চায় না এবং পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো ইচ্ছাও ইরানের নেই।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বার্তায় তিনি এ কথা বলেন।
বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরান প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে যুদ্ধ চায় না। তিনি বলেন, 'আমাদের সমস্যাগুলো শত্রুদের হস্তক্ষেপের ফল'।
প্রেসিডেন্ট বলেন, 'আমাদের চারপাশের প্রিয় প্রতিবেশীরা, আপনারা আমাদের ভাই…আমরা আপনাদের সঙ্গে এসব মতপার্থক্য নিরসন করতে এসেছি।'
তিনি বলেন, ইরান প্রস্তাব করেছে, 'এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ইসলামি রাষ্ট্রগুলো থেকে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠন করা হোক। এই অঞ্চলে বহিরাগতদের উপস্থিতির আমাদের কোনো প্রয়োজন নেই'।
তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। সর্বোচ্চ নেতা এগুলোকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং কোনো কর্মকর্তাকেই এগুলো অর্জনের পরিকল্পনা করার অনুমতি দেওয়া হয়নি।
