ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, সব সক্ষমতা ধ্বংসের পথে: পিট হেগসেথ
ইরানের ওপর চলমান সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, 'ইরানের সব উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা পরাজিত, ধ্বংস এবং অকেজো করে দেওয়ার যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, তা সঠিক পথেই এগোচ্ছে।'
তিনি আরও দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সম্পূর্ণ সক্ষমতা ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
হেগসেথ বলেন, 'খুব শিগগিরই ইরানের সব প্রতিরক্ষা কোম্পানি ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, গত দুই দিনের অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা এবং এর যন্ত্রাংশ তৈরির সাথে যুক্ত প্রতিটি কোম্পানিকে 'কার্যত অকেজো ও বিধ্বস্ত' করে দেওয়া হয়েছে।'
তিনি আরও জানান, ইরানজুড়ে ছড়িয়ে থাকা এসব ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, ভবন ও কমপ্লেক্সগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
চলমান অভিযানের তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজ শুক্রবার ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সংখ্যক বিমান হামলা চালাবে মার্কিন বাহিনী।
