কুয়েতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘন ধোঁয়ার কুণ্ডলী
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটির কাছে কুয়েতের আকাশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সিএনএন। তারা সোমবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওর অবস্থান যাচাই (জিওলোকেশন) করেছে।
ভিডিওতে দেখা যায়, একটি জেট বিমান আগুনে জ্বলতে জ্বলতে আকাশ থেকে ঘুরতে ঘুরতে (টেইলস্পিন অবস্থায়) নিচে পড়ছে।
ভিডিও থেকে ধারণা করা যায়, বিমানটি কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম ঘাঁটি থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) দূরত্বের মধ্যে বিধ্বস্ত হয়েছে।
তবে কেন বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এটি কোন দেশের বিমানবাহিনীর অন্তর্গত— তা এখনো স্পষ্ট নয়।
ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, এটি একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান, যা এফ-১৫ই অথবা এফ/এ-১৮ মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উল্লেখ্য, কুয়েতও এফ/এ-১৮ জেট ব্যবহার করে থাকে।
এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এবং কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
