খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে ঢোকার চেষ্টা, সংঘর্ষে নিহত ৮
খামেনির মৃত্যুর প্রতিবাদে আজ পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ইদি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, প্রাথমিকভাবে এমটি খান রোড থেকে ৬টি মরদেহ ও ১০ জন আহত ব্যক্তিকে করাচি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের ট্রমা সেন্টার থেকে জানানো হয়, সেখানে মোট ৭টি মরদেহ ও ১৮ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহিংসতার সময় গুলি, লাঠিচার্জ ও পদদলনের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং বলপ্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। উচ্চ-নিরাপত্তা বেষ্টিত এই এলাকায় সংঘর্ষ তীব্রতর হওয়ায় উদ্ধারকর্মীরা শুরুতেই বেশ কিছু আহতের খবর দিয়েছিলেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত আইজি-র কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। এছাড়া তিনি পুরো প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
