‘চৌরঙ্গী’র লেখক শংকর মারা গেছেন
মারা গেছেন প্রখাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। তিনি 'শংকর' নামে বহুল পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একাধিক শারীরিক সমস্যা নিয়ে ১৫ দিন আগে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই সাহিত্যিক।
জানা যায়, বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত ডিসেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় তার। সে সময় অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তবে সপ্তাহ দুয়েক আগে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে বাঙালি পাঠক, সাহিত্যিকমহল এবং বাংলা বিনোদনদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম হয় মণিশঙ্করের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতার হাওড়ায় বসবাস শুরু করেন। সেখানেই শংকরের বেড়ে ওঠা ও লেখাপড়া।
পরবর্তীকালে তার সাহিত্যচর্চার শুরুও সেখান থেকেই। ১৯৫৫ সালে তার প্রথম বই প্রকাশিত হয়। শংকরের জনপ্রিয় লেখার মধ্যে অন্যতম 'চৌরঙ্গী'।
এ ছাড়াও তিনি লিখেছেন 'সীমাবদ্ধ', 'জন অরণ্য', 'কত অজানারে', 'চরণ ছুঁয়ে যাই', 'অচেনা অজানা বিবেকানন্দ' ইত্যাদি।
