মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
জাতীয় মান ও নিরাপত্তা মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চারটি প্রতিষ্ঠানের উৎপাদিত আটটি পণ্যের ভ্যারিয়েন্ট অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়া গেছে।
বিএসটিআই জানায়, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ পাওয়া গেছে। অন্যদিকে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বেলিসিমো আইসক্রিমে টোটাল মিল্ক সলিডস নন-ফ্যাট (টিএমএসএনএফ)-এর পরিমাণ বাংলাদেশ স্ট্যান্ডার্ডসে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে।
এ ছাড়া অলিভ বাংলাদেশ লিমিটেডের উৎপাদিত কয়েকটি ব্যক্তিগত পরিচর্যা পণ্যে ক্ষতিকর অণুজীব শনাক্ত হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে লাবণ্য মিল্ক স্কিন লোশন, লাবণ্য অ্যালোভেরা স্কিন লোশন, অলিভ অ্যান্ড লাবণ্য মরিঙ্গা মাচা ফেসওয়াশ, ফোমিং মিল্ক ফেসওয়াশ, তুলসি ফেসওয়াশ এবং লাবণ্য অ্যালোভেরা শ্যাম্পু।
এদিকে ডেকো ফুডস লিমিটেডের ডেকো ফ্রুট ফান্ডা ম্যাঙ্গো ও অরেঞ্জ সফট ড্রিংক পাউডারে নির্ধারিত মাত্রার চেয়ে কম ভিটামিন সি পাওয়া গেছে।
বিএসটিআই জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যান পত্র দেওয়া হয়েছে। নতুন করে লাইসেন্স নবায়ন বা অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা এবং সারা দেশের বাজার থেকে এসব পণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এ নির্দেশনা বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, ভোক্তাদের মানসম্মত পণ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি পণ্য কেনার আগে বিএসটিআইয়ের সনদচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেন।
এ ছাড়া পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইয়ের সনদচিহ্নের অপব্যবহার-সংক্রান্ত যেকোনো অভিযোগ সংস্থাটিকে জানানোর জন্যও ভোক্তাদের আহ্বান জানান।
