‘আমি ছাড়া আর কে পারবে যুদ্ধ থামাতে’: এবার থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত থামাতে ফোন করবেন ট্রাম্প
থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তবে এই সংঘাত থামাতে একটি ফোনই যথেষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ থামাতে শিগগির তিনি একটি ফোন করবেন।
গত সোমবার থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে এই সংঘাত শুরু হয়। সীমান্তে বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দেশ। গত জুলাইয়ে ট্রাম্পের মধ্যস্থতাতেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল, যা এখন ভেস্তে যাওয়ার পথে।
'আমি ছাড়া আর কে বলতে পারে?'
গেল মঙ্গলবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি পাকিস্তান-ভারত এবং ইসরায়েল-ইরানসহ বেশ কয়েকটি যুদ্ধ থামিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই নতুন সংঘাত নিয়ে তিনি বলেন, 'এটা বলতে খারাপ লাগছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত শুরু হয়েছে। আগামীকাল আমাকে একটা ফোন করতে হবে। আমি ছাড়া আর কে বলতে পারে যে একটা ফোন করলেই দুটি শক্তিশালী দেশের যুদ্ধ থেমে যাবে?'
ট্রাম্পের নতুন করে হস্তক্ষেপের বিষয়ে কম্বোডিয়া সরকারের মুখপাত্র পেন বোনা বলেন, তাদের অবস্থান একই—তারা কেবল শান্তি চান। অন্যদিকে থাইল্যান্ড সরকারের এক মুখপাত্র জানান, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে কি না, তা তিনি জানেন না।
যদিও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আলোচনার কোনো সুযোগ দেখছেন না। বর্তমান পরিস্থিতি তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার অনুকূল নয়। তবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানাতের একজন উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার দেশ 'যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত'।
থাইল্যান্ডের সেনাবাহিনীর অভিযোগ, বুধবার সকালে কম্বোডিয়ার বাহিনী বিএম-২১ রকেট ছুড়েছে। সুরিন জেলার ফানোম ডং রাক হাসপাতালের কাছে রকেট পড়লে রোগী ও কর্মীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া বিতর্কিত প্রিহ ভিহিয়ার মন্দির এলাকাসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে ড্রোন, রকেট ও ট্যাংকের ব্যবহার করা হয়েছে।
পাল্টা অভিযোগে কম্বোডিয়ার সেনাবাহিনী বলছে, থাইল্যান্ডের বাহিনী পুরসাত প্রদেশে কামান ও সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এমনকি বাটামবাং প্রদেশে বেসামরিক লোকালয়ে মর্টারের গোলা ছুড়েছে তারা। দেশটির আরও অভিযোগ, থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক এলাকার কাছে বোমা ফেলেছে।
এরইমধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে এবং খেলোয়াড়দের পরিবারের উদ্বেগের কথা জানিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য 'সাউথইস্ট এশিয়ান গেমস' থেকে নিজেদের ক্রীড়াবিদদের সরিয়ে নিয়েছে কম্বোডিয়া।
সংঘাতের জেরে সীমান্ত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দুই দেশ। সোমবার থেকে চলা সংঘর্ষে কম্বোডিয়ায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত ও ২০ জন গুরুতর আহত হন। অন্যদিকে থাই কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ৪ সেনা নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।
গত জুলাইয়ে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘাতে অন্তত ৪৮ জন নিহত হয়েছিলেন। এরপর ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। কিন্তু গত মাসে স্থলমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনা পঙ্গু হওয়ার পর ব্যাংকক সেই পদক্ষেপ স্থগিত করে। থাইল্যান্ডের দাবি, মাইনটি নতুন করে পুঁতেছিল কম্বোডিয়া, যদিও কম্বোডিয়া তা অস্বীকার করেছে।
