প্রতিদিন মাত্র এক বোতল ডায়েট সোডা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৩৮% বাড়তে পারে
প্রতিদিন মাত্র এক বোতল ডায়েট সোডা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৩৮ শতাংশ বাড়তে পারে। সম্প্রতি ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় এমন সতর্কতা উঠে এসেছে।
অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের গবেষকদের করা এই গবেষণায় বলা হয়েছে, চিনির বিকল্প হিসেবে কৃত্রিম সুইটনার চালু হলেও এগুলো নিজেরাই স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
দেখা গেছে, প্রতিদিন কৃত্রিমভাবে মিষ্টি করা এক বোতল কোমল পানীয় পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৩৮ শতাংশ বেড়ে যায়। আশ্চর্যজনকভাবে, চিনিযুক্ত পানীয়ের ক্ষেত্রে এ ঝুঁকি ২৩ শতাংশ; অর্থাৎ আরও কম।
এই গবেষণায় ৪০ থেকে ৬৯ বছর বয়সী ৩৬ হাজার ৬০৮ জন অস্ট্রেলিয়ানের খাওয়া ও পান করার অভ্যাস বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীরা তাদের কৃত্রিম ও প্রকৃত চিনি গ্রহণের মাত্রা জানিয়েছেন এবং গড়ে ১৪ বছর ধরে তাদের স্বাস্থ্যগত তথ্য পর্যবেক্ষণ করা হয়েছে।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ রোবেল হুসেন কাফথাইমার জানান, 'প্রতিদিন এক বা একাধিক বোতল চিনিযুক্ত বা কৃত্রিমভাবে মিষ্টি করা পানীয় পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বাড়ে।'
গবেষণায় দেখা যায়, 'চিনিযুক্ত পানীয় পান করলে শরীরের ওজন বেড়ে যায় এবং পরিণতিতে ডায়াবেটিস হয়। তবে চিনিমুক্ত কোমল পানীয়ের ক্ষেত্রে দেখা যায়, এগুলো পানের ফলে শরীরের ওজন না বাড়লেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
তবে গবেষকেরা বলছেন, অনেক কারণ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করতে পারে। তাই কৃত্রিম সুইটনার এর একমাত্র কারণ তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে এই দুইয়ের মধ্যে একটি সম্পর্ক যে রয়েছে, তা স্পষ্ট। তবে বিষয়টি বিস্তারিতভাবে বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন।
অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক বারবরা ডি কোর্টেন বলেন, 'ডায়াবেটিস ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য কৃত্রিম সুইটনারকে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে সুপারিশ করা হয়। কিন্তু আমাদের গবেষণায় দেখা যাচ্ছে, এগুলো নিজেরাও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।'
গবেষকেরা জানান, কিছু কৃত্রিম সুইটনার রক্তে চিনির মাত্রা বাড়াতে পারে। যেমন অ্যাসপারটেম নামে একটি প্রচলিত সুইটনার শরীরে চিনির মতোই ইনসুলিন প্রতিক্রিয়া সৃষ্টি করে। অন্যদিকে, কিছু কৃত্রিম উপাদান অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে দেহে গ্লুকোজ সহ্য করার ক্ষমতা কমে যেতে পারে।এসব কারণেই ওজন না বাড়লেও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি থেকেই যায়।
গবেষকরা কৃত্রিম সুইটনারের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক গবেষণাগুলো কৃত্রিম সুইটনারকে মস্তিষ্কের গঠন নষ্ট হওয়া ও হৃদযন্ত্রের ক্ষতির সঙ্গেও যুক্ত করেছে।
বারবরা ডি কোর্টেন বলেন, 'আমরা চিনিযুক্ত পানীয়ের ওপর কর আরোপের মতো পদক্ষেপকে সমর্থন করি। তবে আমাদের গবেষণা বলছে, কৃত্রিমভাবে মিষ্টি করা পানীয়গুলোর প্রতিও সমান গুরুত্ব দেওয়া দরকার। এগুলো প্রায়ই স্বাস্থ্যকর বলে প্রচার করা হয়, কিন্তু বাস্তবে এগুলোরও ক্ষতিকর দিক থাকতে পারে। ভবিষ্যতে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব ধরনের পুষ্টিহীন পানীয়ের গ্রহণ কমানোর দিকেই গুরুত্ব দেওয়া উচিত।'
