গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়াল
ইসরায়েলের ক্রমাগত বোমা হামলায় গাজায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে৷ হামাস পরিচালিত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
এর আগে অবশ্য বোমা হামলায় নিহতের যে সংখ্যা ফিলিস্তিনিরা প্রকাশ করছে, সেটির ওপর 'আস্থা নেই' বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত হওয়া ৭,০২৮ জনের নামসহ বিস্তারিত ডকুমেন্ট প্রকাশ করেছিল।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা করে হামাস। এতে সেখানে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়। একইসাথে ২২৯ জনকে জিম্মি করে স্বাধীনতাকামী সংগঠনটি। যার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে ইসরায়েল৷
প্রকাশিত ডকুমেন্টে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রতিদিন কত মানুষের মৃত্যু হয়েছে, সেটাও আলাদা করে তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে দেখা যায়, গত ৭ অক্টোবর অর্থাৎ প্রথম দিনে ২৫৬ জন গাজাবাসী নিহত হয়েছে। আর ডকুমেন্ট প্রকাশের ঠিক আগে অর্থাৎ ২৫ অক্টোবরের হামলায় ৪৮১ জন নিহতের তথ্য প্রকাশ করা হয়েছে।
যুদ্ধ চলাকালীন গাজায় মোট তিন দিন মৃত্যুর সংখ্যা ৬০০ জনেরও বেশি পৌঁছে গেছে। এর মধ্যে ডকুমেন্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত ২৪ অক্টোবরে, ৭৫৬ জন।
এদিকে গত বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উত্থাপিত প্রশ্নের জবাবে বাইডেন বলেন, "নিহতের সংখ্যা নিয়ে ফিলিস্তিনিরা সত্য বলছে কি-না তা নিয়ে আমার কোনো ধারণা নেই। তবে আমি এটা নিশ্চিত যে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। একটি যুদ্ধের মূল্যই এসব।"
নিহত ফিলিস্তিনির সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র কেন সন্দিহান, তার কোনো কারণ ব্যাখ্যা করেননি বাইডেন। এদিকে গত ১৭ অক্টোবর গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের হামলার পর গাজা কর্তৃপক্ষের প্রকাশিত ৪৭১ জন নিহতের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মতে, ওই হামলায় ১০০ থেকে ৩০০ জনের মৃত্যু হয়েছে।
আর যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) বাইডেনের এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে।
সিএআইআর এর বিবৃতিতে বলা হয়, "সাংবাদিকরা হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। গাজা থেকে প্রতিদিন অসংখ্য ভিডিও প্রকাশিত হচ্ছে, যেখানে ফিলিস্তিনি নারী ও শিশুদের ছিন্নভিন্ন মৃতদেহ দেখা যাচ্ছে। পুরো শহরের একটি বড় অংশ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, "প্রেসিডেন্ট বাইডেনের উচিত এসব ভিডিওর দুয়েকটি দেখা এবং নিজেকে প্রশ্ন করা। এক্ষেত্রে হামলাকৃত ভবনের ধ্বংসাবশেষে পিষ্ট শিশুদের যে টেনে টেনে বের করা হচ্ছে, তা বানোয়াট কি না। কিংবা এগুলো যুদ্ধের মূল্য হিসেবে মেনে নেওয়ার মতো কিনা।"
এদিকে গাজায় ইসরায়েলের ক্রমাগত বোমা হামলার ঘটনায় পশ্চিমা দেশের সরকারগুলোর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংঘাতময় উপত্যকাটিতে শুধু মুসলিমদের রক্ত ঝরছে বলেই পশ্চিমা দেশগুলো এই ইস্যুতে পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি।
