ইউক্রেনে অধিকৃত অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির ঘোষণা আসতে পারে শুক্রবার
আগামী শুক্রবার (৩০ সেপ্টেম্বর) পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনে অধিকৃত অঞ্চলগুলো রুশ ফেডারেশনের অংশ হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অধিকৃত অঞ্চলগুলোতে গণভোটের আয়োজন করেছে রাশিয়া। মঙ্গলবার শেষ হওয়া ভোটের ফলাফলে দেখা গেছে, অধিকৃত ৪টি অঞ্চলে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে বেশি। তবে এই গণভোটের আয়োজন প্রত্যাখ্যান করেছে ইউক্রেনসহ পশ্চিমা বিশ্ব।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে দেওয়া এক ব্রিফিংয়ে বলেছে, "রুশ নেতারা প্রায় নিশ্চিত যে, যেকোনো ধরনের অন্তর্ভুক্তির ঘোষণা 'বিশেষ সামরিক অভিযানের' পক্ষে দেখা হবে এবং এই সংঘাতের ক্ষেত্রে ঘোষণাটি দেশপ্রেমিকদের সমর্থনকেও একত্র করবে।"
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' শুরু হয় ইউক্রেনে। টানা ৭ মাসের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে সংঘাত চলমান রয়েছে।
- সূত্র: এনডিটিভি
