সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
গত বছরের মতো এবারও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার স্থানটি ধরে রেখেছেন শাহরুখ খান হুরুন। ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার্স স্পোর্টসসহ তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই সম্পদের অন্তর্ভুক্ত। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন, যার মোট সম্পদ উল্লেখ করা হয়েছে ৪ হাজার কোটি রুপি। এছাড়া যথাক্রমে ৩ হাজার কোটি এবং ২ হাজার ৫০০ কোটি রুপির সম্পদ নিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন সালমান খান ও হৃত্বিক রোশন।
চলতি বছর শাহরুখ খান তালিকার শীর্ষে থাকলেও, ১০ হাজার কোটি রুপির এই নিট সম্পদ গত বছরের তুলনায় কিছুটা কমেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ তার মোট সম্পদ দেখানো হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। তবে চলতি বছরের শুরুর দিকে যখন হুরুন গ্লোবাল রিচ লিস্ট প্রকাশিত হয়, তখন শাহরুখের নিট সম্পদ ছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি।
অন্যদিকে, অমিতাভ বচ্চনের জন্য চলতি বছরটি বেশ ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। গত বছর তার মোট সম্পদের পরিমাণ ছিল ১,৬৩০ কোটি রুপি, যা এবার উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার কোটি রুপিতে।
শাহরুখ খানের মতো অমিতাভ বচ্চন সরাসরি বড় কোনো ব্যবসা পরিচালনা না করলেও, তার 'ফ্যামিলি অফিস'-এর মাধ্যমে তিনি একাধিক কোম্পানিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এছাড়া আবাসন খাতেও তার বড় ধরনের বিনিয়োগ রয়েছে।
এ বছর ৩ হাজার কোটি রুপির মোট সম্পদ নিয়ে হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে নতুন করে যুক্ত হয়েছেন সালমান খান। অন্যদিকে, ২০২৫ সালের তালিকায় ২ হাজার ১৬০ কোটি রুপির সম্পদ থাকা হৃতিক রোশন এবার তার ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড 'এইচআরএক্স'-এর সাফল্য ভর করে ২ হাজার ৫০০ কোটি রুপির সম্পদে উন্নীত হয়েছেন।
তবে গত বছরের তালিকায় যথাক্রমে ৭ হাজার ৭৯০ কোটি রুপি এবং ১,৮৮০ কোটি রুপির সম্পদ নিয়ে অবস্থান করা জুহি চাওলা ও করণ জোহর এবার এই তালিকা থেকে বাদ পড়েছেন।
বিনোদন জগতের বাইরে, 'রামায়ণ' চলচ্চিত্রের প্রযোজক নামিত মালহোত্রার বাবা নরেশ মালহোত্রাও হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এ স্থান করে নিয়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার কোটি রুপি।
২০২৩ সালে 'পাঠান', 'জাওয়ান' এবং 'ডানকি'—পরপর তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর থেকে শাহরুখ খানের নতুন কোনো চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। বক্স অফিসে রেকর্ড গড়ার পর এবার তিনি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তার পরবর্তী ছবি 'কিং' নিয়ে একই ধরনের সাফল্য পুনরাবৃত্তি করতে প্রস্তুত।
এই ছবিতে তার মেয়ে সুহানা খানও একটি বিশেষ ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর (২০২৬) বড়দিনে বিশ্বব্যাপী মুক্তির জন্য নির্ধারিত হয়েছে।
