বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে যুবকের মাথায় আঘাত ও ফাঁকা গুলির অভিযোগ, সাবেক যুবদল নেতা আটক
রাজধানীর বাংলা মোটরে কথাকাটাকাটির জেরে সোহাগ (৪৫) নামক যুবককে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক (বহিষ্কৃত) আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। পরে তাকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোহাগের মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন সাইমন। পরে স্থানীয় লোকজন সাইমনকে আটকে তার মোটরসাইকেলটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইমনসহ চারজনকে হেফাজতে নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাত ১২টা ২০ মিনিটে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিবিএকে বলেন, 'সাইমনসহ চারজনকে আমরা হেফাজতে নিয়েছি। এই বিষয়ে পরে জানানো হবে।'
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর কাছের একটি ভবনে আশ্রয় নেন সাইমন ও তার সহযোগীরা। স্থানীয়রা ভবনটিকে ঘিরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাইমনকে হেফাজতে নিতে চাইলেও স্থানীয়রা নিজেরাই তার বিচারের দাবি জানান।
এ সময় স্থানীয়রা সাইমনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাংলামোটরের ওই গলিতে পরে পুলিশের ও স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
রাত ১১টা ৫০ মিনিটের দিকে অবরুদ্ধ সাইমনকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে যায় পুলিশ। এ সময় স্থানীয়রা তাদের মারধরের চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের বের করে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে সাইমনের তিন সহযোগীর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহত সোহাগ বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে আমি এলাকায় দাঁড়িয়ে ছিলাম। সাইমন একজনকে সাথে নিয়ে এসে আমাকে ডাক দেয়। আমি যাওয়ার পর আমার বুকে অন্ত্র ঠেকায়। এরপর কথাবার্তা ছাড়া আমাকে অস্ত্রের বাঁট দিয়ে মাথায় বাড়ি দেয়। এতে আমার মাথা ফেটে যায়।'
সোহাগ আরও বলেন, 'সাইমন যুবদলের আহ্বায়ক ছিল। চাঁদাবাজির জন্য বহিষ্কৃত হয়েছে। সে মাদকের সঙ্গে জড়িত। আমার কাছে চাঁদা চায়নি। কিন্তু এলাকায় অনেকের কাছে চাঁদা চেয়েছে। কয়েকদিন আগে আমার দুলাভাই ও ভাগিনার সঙ্গে ঝগড়া হয়েছিল তার। আমরা কেন তাকে সাপোর্ট দেই না, সেজন্য আমাকে মারতে পারে।'
