গবেষণা প্রস্তাব মূল্যায়নে চাপ-প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
গবেষণা প্রকল্পের প্রস্তাব মূল্যায়নে কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে প্রকল্পের উপযোগিতা ও গুণগত মানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় 'উপ-প্রকল্প মূল্যায়নের মানদণ্ড পরিচিতি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সভায় হিট প্রকল্পের গবেষণা উপ-প্রকল্পের মূল্যায়নকারীরা অংশ নেন।
সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, গবেষণা প্রস্তাব মূল্যায়নের দায়িত্ব পাওয়ার পর অনেক সময় প্রস্তাবদাতারা মূল্যায়নকারীদের ফোন করে নিজেদের প্রকল্প সম্পর্কে জানানোর চেষ্টা করেন। মূল্যায়নের কয়েক দিন আগে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হলে এ ধরনের যোগাযোগের প্রবণতা দেখা যায় বলেও তিনি উল্লেখ করেন।
এ ধরনের প্রভাব ঠেকাতে গবেষণা প্রকল্পের মূল্যায়নকারী নির্বাচনে একাধিক ধাপ অনুসরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মূল্যায়ন শুরুর আগে মূল্যায়নকারীদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়। এতে মূল্যায়ন প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত যোগাযোগ ও প্রভাব বিস্তারের সুযোগ কমেছে।
মামুন আহমেদ বলেন, গবেষণা প্রস্তাব মূল্যায়নে প্রকল্পের উপযোগিতা, গুণগত মান, প্রাসঙ্গিকতা ও সম্ভাব্য ফলাফলকে গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের চাপ বা হস্তক্ষেপের ঘটনা ঘটলে ইউজিসি তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
গবেষণাকে উচ্চশিক্ষার অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, গবেষণার জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না এবং গবেষণার ফলাফল দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগছে কি না, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ইউজিসি ও সরকার যৌথভাবে দেশে কার্যকর ও টেকসই গবেষণা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এ জন্য গবেষণার মান বাড়ানোর পাশাপাশি গবেষণার ফলাফলকে বাস্তবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
হিট প্রকল্পের আওতায় চলমান উপ-প্রকল্পগুলোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, কোনো প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, অনিয়ম বা গুরুতর সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গবেষকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি গবেষণার ফলাফল দৃশ্যমান করার আহ্বান জানান তিনি।
মামুন আহমেদ বলেন, 'গবেষণা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। দেশের মানুষের উপকারে আসে, এমন বিষয়ে গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে। হিট প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণার ফলাফলও দৃশ্যমান করতে হবে, যাতে গবেষণার সুফল এবং এ খাতে সরকারি বিনিয়োগের ফলাফল স্পষ্ট হয়।'
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন। এ সময় ইউজিসি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
