বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দিতে 'ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা' করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
একই নীতিমালার আওতায় দেশের যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোকেও বিদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব তথ্য জানান। উল্লেখ্য, রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটির একটি শাখা ক্যাম্পাস রয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার অনুমতি দেওয়ার ক্ষেত্রে শিক্ষার মান, একাডেমিক পরিবেশ, সুশাসন ও শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের মূল ক্যাম্পাসের মতো মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
দেশের চাহিদা অনুযায়ী নতুন বিষয়ে পড়াশোনার সুযোগ বাড়ানোর কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি আরও জানান, বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স ও নবায়নযোগ্য জ্বালানির মতো বিষয়ে একাডেমিক প্রোগ্রাম চালু করতে বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহ দেওয়া হবে।
তিনি জানান, দেশের প্রয়োজন ও বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বিবেচনায় যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিগগিরই পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হবে।
এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা ও যৌথ ডিগ্রির সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। মালয়েশিয়ায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাস স্থাপনে ইউসিএসআই ইউনিভার্সিটির সহযোগিতা চান তিনি।
ড. মামুন বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিকভাবে তাদের একাডেমিক কার্যক্রম বাড়াতে পারে, সে বিষয়ে ইউজিসি সহযোগিতার সুযোগ তৈরি করতে চায়।
সাক্ষাতে ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিরা বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তারা বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম পরিচালনার অনুমোদন ও পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি চান।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, যৌথ ডিগ্রি ও অন্যান্য একাডেমিক কার্যক্রম চালুর আগ্রহও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য যৌক্তিক টিউশন ফি ও ফি মওকুফের প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষকদের জন্য ইউসিএসআইকে ইউজিসির বিদেশি স্কলারশিপ কার্যক্রমে যুক্ত করার আগ্রহও প্রকাশ করা হয়।
সভায় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
