দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও ছুটির সম্ভাবনা
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। পূজার নির্ধারিত ছুটির পরদিন অর্থাৎ আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে ছুটির ঠিক পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস-আদালত খোলা থাকার কথা। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
মাঝের ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৫ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২২ অক্টোবরের ছুটি নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। ছুটি ঘোষণার জন্য শিগগিরই একটি আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হলেই ছুটি ঘোষণার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারও বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে। তা বাস্তবায়িত হলে তার পরপরই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ছুটির মেয়াদ দাঁড়াবে টানা ৫ দিনে।
