মির্জা ফখরুলের শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর: স্থায়ী কমিটির সিদ্ধান্ত
বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য রয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ১৮ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। দলের জাতীয় স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করবে। ওই সভায় শূন্য আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
শনিবার (১২ সেপ্টম্বর) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সন্ধ্যা ৭ টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য মনোনিত হওয়ার পর এটাই প্রথম বৈঠক।
বিএনপির শূন্য পদে নিচের সারির নেতাদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত
বিএনপির বিভিন্ন সাংগঠনিক কমিটিতে মৃত্যু, বহিষ্কারসহ নানা কারণে সৃষ্ট শূন্য পদগুলোতে সংশ্লিষ্ট কমিটির পরবর্তী সারির নেতাদের দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, 'দলের বিভিন্ন কমিটিতে অনেকে মারা গেছেন, আবার অনেকে নানা কারণে এখন দলের সঙ্গে নেই বা বহিষ্কৃত হয়েছেন। ফলে এসব কমিটিতে কিছু পদ শূন্য হয়েছে। এসব শূন্য পদে সংশ্লিষ্ট কমিটির ইমিডিয়েট নিচের সারিতে যারা আছেন, তাদের দায়িত্ব দেওয়া যায় কি না, তা দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী বিবেচনা করা হবে।'
তিনি বলেন, 'জেলা ও উপজেলা পর্যায়েও অনেকে মারা গেছেন। এসব শূন্য পদ পূরণসহ সাংগঠনিক বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।'
২৯ অক্টোবরের উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের সময়সূচি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য সময়সূচিও ঘোষণা করেন রিজভী।
তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় কার্যালয়, নয়াপল্টন থেকে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র পূরণ করে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় শূন্য আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
রিজভী বলেন, স্থায়ী কমিটির বৈঠকে এসব সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার বিস্তারিত লিখিতভাবে জানানো হবে বলে জানান তিনি।
