ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন তিন নেতা।
তারা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়দুল্লাহ মাসুদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিংয়ের কাছে মনোনয়ন ফরম জমা দেন মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
তিনি ফরম জমা দেওয়ার সময় যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
পরে সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ মাসুদও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেদের মনোনয়ন ফরম জমা দেন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং জানান, আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডে এই তিন প্রার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য হয়।
এরপর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
