মারা গেছেন কবি সৈয়দ তাকি মোহাম্মদ
উর্দু সাহিত্যের কবি এবং পুরান ঢাকার সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) আর নেই।
গতকাল শুক্রবার রাত ৮টায় তিনি পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর হোসায়নী দালান ইমামবাড়ায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাত রওজার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
পুরান ঢাকার সাত রওজা মহল্লায় একটি মুঘল অভিজাত পরিবারের ১৯৫০ সালের ১৪ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার বিশিষ্ট জমিদার।
সৈয়দ তাকি মোহাম্মদ বিভিন্ন সময়ে হোসেনী দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের তিনি আমৃত্যু মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেন।
পরিবার জানায়, মরহুমের কুলখানি আগামী ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পুরান ঢাকার হোসেনী দালানে এবং বাদ এশা সাতরওজা খাজা নেহাল মসজিদে অনুষ্ঠিত হবে।
