ঘুষ ও দালাল সিন্ডিকেটের অভিযোগ, কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
ঘুষ লেনদেন এবং দালাল সিন্ডিকেটের মাধ্যমে সেবা নিয়ন্ত্রণের অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদক সদর দপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট বিভিন্ন সেবা নিয়ন্ত্রণ করছে এবং সেবাপ্রার্থীদের কাছ থেকে নিয়মিত ঘুষ আদায় করছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযোগে বলা হয়, রুট পারমিট, যানবাহন নিবন্ধন (রেজিস্ট্রেশন), ফিটনেস সনদ, মালিকানা বদল এবং ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিআরটিএ কার্যালয়ের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ওই দালাল সিন্ডিকেট প্রতি মাসে অবৈধভাবে ১ কোটি থেকে ১ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।
অভিযোগ অনুযায়ী, ইকুরিয়া অফিসে সেবাভেদে নির্ধারিত ফি-এর অতিরিক্ত ১,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত আদায় করা হতো।
এছাড়া বিআরটিএ কার্যালয়ের সামনে গড়ে ওঠা অনুমোদনহীন বা অবৈধ দোকানপাট এবং সংলগ্ন একটি ট্রাক স্ট্যান্ড থেকেও নিয়মিত মাসিক চাঁদা তোলার তথ্য পেয়েছে দুদক।
অভিযোগে আরও জানা গেছে, বিআরটিএ-এর সাবেক এক কর্মচারী কার্যালয়ের একটি কক্ষ দখল করে সেখান থেকেই পুরো দালাল সিন্ডিকেট পরিচালনা করছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও ওই সাবেক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের প্রেক্ষিতেই আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম অভিযোগ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছে কমিশন।
