কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে মো. ফরহাদ হোসেন (২৩) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, 'বিকাল ৩টার দিকে তিনজন যুবক এসে ফরহাদকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
তিনি বলেন, 'ফরহাদ মাদকের সঙ্গে জড়িত এবং এর জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় তিনজনকে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।'
ওসি বলেন, 'মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে আমরা টিম পাঠিয়েছি। তবে এখনও বিস্তারিত জানতে পারিনি।'
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ মোহাম্মদপুরের রায়ের বাজার কেন্দ্রিক পাটালি গ্রুপের সদস্য। ওই এলাকায় মাদক কারবার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে এই ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকাল ৩টার দিকে তিন যুবক আরশিনগর এলাকায় মেইন রোডে অবস্থিত রাজ সেলুনের ভেতর ঢোকে। এ সময় কালো টি-শার্ট পরা এক যুবক তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল বের করে। বাকি দুইজনের কাছে ছিল চাপাতি। তারা ফরহাদকে গুলি করে এবং কোপাতে কোপাতে সেলুনের ভেতর থেকে বের হয়ে আসে। এ সময় ফরহাদের পরনে শুধু লুঙ্গি ছিল। পরে তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়।
তবে ফরহাদের শরীরের কোথায় কোথায় গুলি লেগেছে তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
