অক্টোবরের মধ্যে ফের বাংলাদেশ-ভারত ট্রেন চালুর পরিকল্পনা
অক্টোবরের মধ্যে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস চালুর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তদেশীয় ট্রেন চলাচল ফের শুরু করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় শুরু হতে যাওয়া দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক সভায় এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং রাজনৈতিক পরিবর্তনের পর আনুষ্ঠানিকভাবে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের চলাচল স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।
বাংলাদেশ রেলওয়ে সূত্র অনুযায়ী, দুই প্রতিবেশী দেশের রেলওয়ে কর্তৃপক্ষের দুই দিনের বৈঠক মঙ্গলবার ঢাকায় শুরু হবে।
সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, 'আমরা শুধু সীমান্ত ভাগাভাগি করি না, আমরা স্বপ্নও ভাগাভাগি করি। আমি আবারও একই কথা বলছি—মানুষে মানুষে সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে সঠিক সময়ে (প্রধানমন্ত্রীর সফর) হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ সবসময়ই রয়েছে এবং তিনি তা জানেন।'
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ট্রেনের চলাচল ফের শুরুর পাশাপাশি বার্ষিক সভায় রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ।
প্রতিবেদনে আরও বলা হয়, পদ্মা সেতু হয়ে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস চালাতে আগ্রহী বাংলাদেশ।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু চালু হওয়ার পরও এতদিন ট্রেনটি যমুনা সেতু হয়ে চলাচল করেছে।
