শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের মেকানিক্যাল দলের এক সদস্যকে প্রায় ১৪ কেজি স্বর্ণসহ আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধারকৃত ১২০টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে ওই কর্মীর পরিহিত বেল্টের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয় বলে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ'র (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নং বিজি ১৪৮-এর মেকানিক্যাল ও ক্লিনিং দল বিমান পরিষ্কার করে নিচে নামার সময় তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২০ পিস গোল্ড বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৩.৯২ কেজি।
কাস্টমস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, স্বর্ণবারগুলো অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে, যা পরবর্তীতে যেকোনো পথে বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
ঢাকা কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া কাস্টমসের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।'
