বাংলাদেশের সঙ্গে ‘টেকসই’ সম্পর্ক জোরদার করতে মোদির দিকনির্দেশনা চাইলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক সম্পর্কে অবহিত করেছেন। এ সময় তিনি 'দুই দেশের মধ্যকার বহুমাত্রিক ও টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার' করার বিষয়ে মোদির 'দিকনির্দেশনা' চেয়েছেন।
বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, 'হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জনমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে গঠনমূলক উপায়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বহুমাত্রিক ও টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে তার দিকনির্দেশনা চেয়েছেন।'
ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাতের একদিন পরই মোদির সঙ্গে ত্রিবেদীর এই বৈঠক অনুষ্ঠিত হলো।
দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে চলমান আলোচনার অংশ হিসেবে ঢাকায় তিনটি বৈঠক শেষে সোমবার নয়াদিল্লিতে যান ত্রিবেদী।
রোববার তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সোমবার আলাদাভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ত্রিবেদীর সঙ্গে বৈঠকে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি উত্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তাদের 'প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী' বিবেচনাধীন রয়েছে।
এদিকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর গতকাল (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
