সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, সংস্কার প্রক্রিয়া শুরু
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি আজ মঙ্গলবার (৪ আগস্ট) প্রথম বৈঠকে বসেছে। এর মধ্য দিয়ে সরকারের সংবিধান সংশোধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে গঠিত ১২ সদস্যের এই কমিটি সংবিধান সংশোধনের সুপারিশ প্রণয়নের জন্য কর্মপরিকল্পনা, কার্যপদ্ধতি ও সময়সূচি চূড়ান্ত করবে বলে জানা গেছে।
কমিটির সদস্যরা হলেন— চিফ হুইপ নূরুল ইসলাম মনি (বরগুনা-২), আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), জয়নুল আবেদীন (বরিশাল-৩), পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), আন্দালিভ রহমান (ভোলা-১), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক (পটুয়াখালী-৩), ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন (নাটোর-১), সাকিলা ফারজানা (সংরক্ষিত নারী আসন-৮), মো. মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) এবং মো. অলি উল্লাহ (বরগুনা-১)।
তবে বিরোধী দল কমিটিতে কোনো সদস্য মনোনয়ন দেয়নি। ফলে কমিটিতে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই।
আজকের বৈঠকে কমিটির কার্যপদ্ধতি নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে।
এদিকে, সংবিধান সংশোধন প্রক্রিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর ভবিষ্যৎ, কমিটির কাজের পরিধি এবং সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা।
গত ১৩ জুলাই সংসদ সংবিধানে 'প্রয়োজনীয় সংশোধন' বিষয়ে সুপারিশ প্রণয়নের দায়িত্ব দিয়ে বিশেষ এই কমিটি গঠন করে। তবে কাজ শেষ করার জন্য এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এদিকে, সংবিধান সংশোধনের এই প্রক্রিয়ার সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রস্তাবিত সংবিধান সংস্কারের রোডম্যাপ থেকে সরে এসেছে বিএনপি।
