সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ: আইনমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের দুপুরের বিরতির পর অধিবেশনে দাঁড়িয়ে আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এই কমিটি গঠনের কথা জানান।
আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের এই উদ্যোগের অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে ৭ জন এবং বিএনপি জোটের সঙ্গে থাকা গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি থেকে ৫ জনের তালিকা করা হয়েছে। একই সাথে এই কমিটিতে অন্তর্ভুক্তির জন্য বিরোধী দল থেকে ৫ জনের নাম প্রস্তাব করার সুপারিশ করেন তিনি।
আইনমন্ত্রীর বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "সংবিধান সম্পর্কিত কমিটি গঠনের জন্য বিএনপি এবং অন্যান্য দলের তালিকা প্রস্তুত। বিরোধী দল থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে। আপনার প্রতিনিধিদের নাম দিলে এই কমিটি গঠন করা হতে পারে।"
জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, "এ বিষয় নিয়ে সরকারি দলের চিফ হুইপ আমার সঙ্গে কথা বলেছেন। আমি জানিয়েছি এ বিষয়ে আমাদের আলোচনার বিষয় রয়েছে। এখানে কনসেপচুয়াল ডিফারেন্স (ধারণাগত পার্থক্য) আছে। আমরা চেয়েছি রিফর্ম (সংস্কার), উনারা বলছেন আমেন্ডমেন্ট (সংশোধনী)।"
তিনি আরও বলেন, "উনাদের প্রস্তাব আমরা নিলাম, শুনলাম; আমরা পরে জানাবো। কালকেই জানাতে পারবো এমন না, এই অধিবেশনে হয়তো জানাতে নাও পারি। পরের অধিবেশনে জানাবো।"
সবশেষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, "বিরোধী দলের তালিকা পাওয়ার জন্য অপেক্ষা করতে আমাদের অসুবিধা নেই। জুলাই সনদের প্রেক্ষিতে সংবিধান সংশোধন প্রক্রিয়া আমরা এগিয়ে নেবো। পরের অধিবেশন পর্যন্ত আমরা অপেক্ষা করবো।"
