জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব 'ব্যক্তিবর্গ' (শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী) জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আজ বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান।
অধ্যাপক আলমোজাদ্দেদী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ব্যক্তিবর্গ জুলাই অভ্যুত্থানের বিরোধী ছিলেন, তাদের বিরুদ্ধে প্রমাণসহ অনেকে অভিযোগ করেছেন। তার ভিত্তিতে একটা কমিটি গঠন করা হয়েছে। এখন প্রমাণ সাপেক্ষে সেই ব্যক্তিবর্গ ও তাদের সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছিল। এখন প্রমাণ মিলেছে। তাই তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এর আগে গত সোমবার 'ফ্যাসিবাদবিরোধী শিক্ষকবৃন্দ' ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি–জামায়াতপন্থী শিক্ষকরা।
স্মারকলিপিতে তারা জুলাই অভ্যুত্থানের 'বিরুদ্ধে' ও ফ্যাসিবাদের পক্ষে থাকা ২৩১ জন শিক্ষকের তালিকা হস্তান্তর করে তাদের শাস্তির দাবি জানান।
