ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই-গ্রাফিতি সংরক্ষণের উদ্যোগ, ২৫ জুলাইয়ের মধ্যে শিল্পীদের নিবন্ধনের আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই-গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী শিল্পী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (২২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ২৬ জুলাই থেকে রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হবে। উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত পুনর্লিখনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। কার্যক্রম সমন্বয়ের জন্য চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাফিতি রংকরণ ও পুনর্লিখন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জুলাই গণ-অভ্যুত্থানের পর গ্রাফিতি অঙ্কনকারী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহী শিল্পী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ০১৭১৬১১৬০২৩ নম্বরের হোয়াটসঅ্যাপে নাম ও ঠিকানা নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।
