টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
পড়াশোনার চাপ, ক্লাস-পরীক্ষা আর টিউশনের ব্যস্ততার মাঝেই নিজেদের উপার্জিত অর্থ জমিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের যৌথ প্রচেষ্টায় নির্মিত প্রথম সিনেমা 'অন্যপাতা' আসন্ন দুর্গাপূজাতে মুক্তি পেতে যাচ্ছে।
এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪০ জনেরও বেশি অধ্যয়নরত শিক্ষার্থী।
নির্মাতাসূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে চলচ্চিত্রটির নির্মাণকাজ শেষ করা হয়েছে। মাত্র ছয়জনের একটি ছোট দল নিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তীতে এটি ৪০ জনের বেশি তরুণ সদস্যের একটি বিশাল দলে রূপ নেয়।
সিনেমাটির মূল গল্পের পটভূমি তৈরি হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়কালকে কেন্দ্র করে। ভর্তি যুদ্ধ, পারিবারিক চাপ, পরিচয় সংকট, কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়া—এসব টানাপোড়েন ও সত্য ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে 'অন্যপাতা'র কাহিনী। দারিদ্র্যের সঙ্গে চরম লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা চালানো এক তরুণের প্রেমের গল্পের সমন্বয়ে সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক ও চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পরিচালক বলেন, 'আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কষ্টকর সময় কাটে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়কালে। সেই সময়ের টিকে থাকার একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই 'অন্যপাতা'।'
১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটিতে রয়েছে মোট ছয়টি মৌলিক গান ও আবহসংগীত। এর পাশাপাশি চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন নৈসর্গিক ও প্রাকৃতিক দৃশ্যকে সিনেমাটিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাতাদের দাবি, গল্পের প্রবাহ ও সংলাপে বর্তমান তরুণ প্রজন্মের ভাষার স্পষ্ট ছাপ রাখা হয়েছে।
সিনেমাটির প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী আবতাহী শামস জানান, 'অন্যপাতা'র গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আশা করছি, সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল, মিষ্টি গল্পটা ভালো লাগবে।'
চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্যান্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন ও রোবেনসহ আরও অনেকে।
কারিগরি ও শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইন্দ্র নীল। ক্যামেরা বা চিত্রগ্রহণে ছিলেন ইব্রাহিম বিন আনছারী। ছয়টি মৌলিক গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়ান তাসজিম মনন এবং আবহসংগীত (ব্যাকগ্রাউন্ড স্কোর) তৈরি করেছেন আইনান। এছাড়া কাস্টিং পরিচলকের দায়িত্ব সামলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান।
ইতোমধ্যে 'অন্যপাতা'র এনাউন্সমেন্ট পোস্টার, মোশন ভিডিও ও অফিশিয়াল মূল পোস্টার প্রকাশ করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই দর্শক ও শ্রোতাদের জন্য সিনেমাটির অফিশিয়াল ট্রেলার ও মিউজিক ভিডিও উন্মুক্ত করা হবে।
