স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে সভা চলাকালে 'সিন্ডিকেট ঘেরাও' কর্মসূচি ডাকসু নেতাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা চলাকালে সভাকক্ষের বাইরে 'সিন্ডিকেট ঘেরাও' কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।
'শিক্ষার্থীবান্ধব স্বচ্ছ সিট নীতিমালা প্রণয়নের' দাবিতে এ ঘেরাও কর্মসূচি পালন করছেন তারা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৬টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। পরে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে সিন্ডিকেট সভা চলাকালে কনফারেন্স কক্ষের সামনে অবস্থান নিয়ে ডাকসু নেতারা স্লোগান দিতে থাকেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৫০ মিনিট) তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।
এ সময় তারা 'স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে যাও', 'গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা', 'আবাসনে রি-অ্যাড, গণরুমের রোডম্যাপ', 'গেস্টরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা', 'সে নো, গণরুম'সহ বিভিন্ন স্লোগান দেন।
ডাকসু নেতাদের দাবি, অনার্সে দুই বছর এবং মাস্টার্সে এক বছর রি-অ্যাডমিশনসহ আবাসিক সুবিধা দেওয়ার উদ্যোগ একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের হলকেন্দ্রিক আধিপত্য বিস্তারের সুযোগ তৈরি করবে। পুনঃভর্তি বা দীর্ঘমেয়াদে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে তারা নিয়মিত শিক্ষার্থীদের আবাসিক অধিকার ক্ষুণ্ন করতে না পারেন।
কর্মসূচিতে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
